প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রতিটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে তার সরকার। আর উন্নয়নের ধারাবাহিকতায় চলতি বছরেই ৭ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আশা করছেন সরকারপ্রধান।
মঙ্গলবার সকালে রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে চলতি অর্থবছরের একনেকের ৯ম বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা জানান, একনেকের বৈঠকে দেড় হাজার কোটি টাকা ব্যয়ে ফোর টায়ার ডাটা সেন্টার স্থাপনসহ আড়াই হাজার কোটি টাকার ৪ টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এরমধ্যে সরকারের নিজস্ব অর্থায়নে ব্যয় হবে ১ হাজার ৮৯ কোটি ৫৪ লাখ টাকা, প্রকল্প সাহায্য ধরা হয়েছে ১ হাজার ৩৮৫ কোটি ৪১ লাখ টাকা।
বিশ্বে বাংলাদেশকে একটি মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


