রংপুরে জাপানি নাগরিক হোসি কনিও হত্যা মামলায় এক বিএনপি নেতাসহ দুইজনকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ। এরা হলেন- রংপুর মহানগর বিএনপির সদস্য রাশেদুন নবী খান বিপ্লব ও কনিওর বাড়িওয়ালা জাকারিয়া বালার শ্যালক হীরা (৪৮)।
গত ৩ অক্টোবর হত্যাকাণ্ডের দিনই ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল পুলিশ। এর তিনদিন পর মঙ্গলবার সকালে আটকদের মধ্যে বিপ্লব ও হীরাকে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক আবু তালেব দুজনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি রেজাউল করিম। বলেন, জিজ্ঞাসাবাদে আমরা হত্যাকাণ্ডে এই দুজনের সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পেয়েছি। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে হয়তো আরও তথ্য পাওয়া যাবে।
গত শনিবার বেলা ১১টার দিকে কাউনিয়া উপজেলার আলুটারি মহিষওয়ালা মোড়ে ৬৬ বছর বয়সী ওই জাপানিকে গুলি করে হত্যা করা হয়। তিনজন মুখোশধারী তাকে গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায় পুলিশ।
হত্যাকাণ্ডের দিন পুলিশ বিপ্লব ও হীরা ছাড়াও রংপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান লাকু, বাড়িওয়ালা জাকারিয়া (৫৮), স্থানীয় রিকশাচালক মোন্নাফ আলী ও আলুটারি গ্রামের খোকা মিয়ার ছেলে মুরাদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এছাড়া অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করে কাউনিয়া থানায় একটি মামলা করে পুলিশ।


