জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে এক হয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে চলতি অর্থবছরের একনেকের ৯ম বৈঠকে এ আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। তিনি সারাটি জীবন নিজের সবকিছু ত্যাগ করে মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি গরীব-দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চেয়েছেন। তার স্বপ্ন ছিল দেশটাকে সোনার বাংলা হিসেবে গড়া। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে দেশটাকে গড়তে সবাই এক হয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, আমাদের সরকারের লক্ষ্য বাংলাদেশকে একটি মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন করা।
বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী গত ২৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ এবং ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের পরিবেশ বিষয়ে সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পা্ওয়ায় সবাইকে ধন্যবাদ জানান। বলেন- যে অর্জন আমরা পেয়েছি, এগুলো আমার না বাংলাদেশের সকলের। সেটি আমি সকলকে উৎসর্গ করে দিয়েছি।


