অ্যাম্বুলেন্সের ধাক্কায় রাজশাহী মহানগরীর বহরমপুরে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজপাড়ার গুড়িপাড়া এলাকার সিরাজের ছেলে মামুনুর রশিদ (৪৪) ও শ্যামপুর এলাকার মাজদারের ছেলে মন্টু হোসেন (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার দবির উদ্দিন হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগি নামিয়ে ফিরছিল। এসময় বহরমপুর মোড়ে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী রাস্তার ওপর ছিটকে পড়েন। পরে আহত অবস্থায় ওই অ্যাম্বুলেন্সে করেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজপাড়া থানার এএসআই এনামুল হক জানান, ‘অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুজন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যায়। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা এলে লাশ বুঝিয়ে দেওয়া হবে।”


