বুধবার ৪ নভেম্বর ২০২৬

আদালত থেকে আসামি অপহরণের চেষ্টা, ২ যু্বক আটক

sirajganjআদালতে হাজিরা দিতে আসা আসামিকে মারধর করে অপহরণের চেষ্টা করে দুই যুবক। এসময় আইনজীবী ও স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে। বুধবার দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন গেটের সামনে এ ঘটনা ঘটে। আহত আসামি শফিকুল ইসলাম মিঞা পাবনা জেলার আমিনপুর থানার ট্যাংবাড়ী গ্রামের জহির উদ্দিন মিঞার ছেলে।

আটক যুবকরা হলেন- উল্লাপাড়া উপজেলার বেতকান্দি এলাকার সোলাইমান সরকারের ছেলে তরিকুল ইসলাম (২৫) ও পাবনার চাটমোহর উপজেলার দিয়ারপাড়া গ্রামের বাকি বিল্লার ছেলে শোয়াইব হোসেন (২৬)।

আহত আসামি শফিকুল ইসলাম মিঞা জানান, একটি চেক জালিয়াতির মামলায় হাজিরা শেষে কোর্ট চত্বরে বসেছিলেন তিনি। এ সময় ইউসুফ আলী নামে এক ব্যক্তি তাকে টেনে হিঁচড়ে শহীদ শামসুদ্দিন গেটের বাইরে নিয়ে মারধর করেন। পরে জোরপূর্বক তাকে সিএনজি চালিত অটোরিকশাতে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ অবস্থায় তার আইনজীবী লুৎফর রহমানসহ অন্যান্য আইনজীবী ও স্থানীয় জনতা ছুটে এসে তাকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে আটক করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই দুই অপহরণকারীকে আটক করে থানায় নিয়ে যায়।

তথ্যটি নিশ্চিত করে সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই দু’জনকে আটক করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন