বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘দুই বিদেশি হত্যাকাণ্ডের আগে গোয়েন্দাদের তথ্য ছিল নাশকতার’

home ministerসম্প্রতি পাঁচ দিনের ব্যবধানে ঢাকা ও রংপুরে দুই বিদেশি হত্যাকাণ্ডের পর গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতার দিকে অভিযোগের আঙুল উঠেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দুই বিদেশি হত্যাকাণ্ডের আগে গোয়েন্দারা নাশকতার আভাস দিয়েছিল।

বুধবার রাজধানীর ফার্মগেইট খামারবাড়িতে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৫ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।

গোয়েন্দারা কী কোনো তথ্য দেয়নি- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গোয়েন্দারা তো অগ্রিম তথ্য দেয়। নাশকতা হতে পারে এমন তথ্য দিয়েছিল।”

জঙ্গি হামলার আশঙ্কা থেকে বাংলাদেশে চলাফেরায় নিজ নিজ দেশের নাগরিকদের অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সতর্কতা জারির মধ্যে গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় ইতালির নাগরিক চেজারে তাভেল্লা হত্যাকাণ্ডের পর ৩ অক্টোবর রংপুরে খুন করা হয় জাপানের নাগরিক কুনিও হোশিকে।

সতর্কতা জারির বিষয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সোমবার সাংবাদিকদের বলেন যে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য ছিল। কিন্তু কূটনৈতিক সূত্র থেকে কখনোই বিদেশিদের ওপর হামলার কোনো আশঙ্কা কিংবা তথ্য সরকারকে জানানো হয়নি বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে বলেছিলেন, মন্ত্রীসহ ভিআইপিদের উপর হামলা হতে পারে বলে সরকারের কাছে গোয়েন্দা তথ্য ছিল।

বাংলাদেশে এই দুই হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার মধ্যপ্রাচ্যের জঙ্গি গোষ্ঠী আইএস করেছে বলে দাবি উঠেছে। তবে তা নাকচ করেছে সরকার।

কী কারণে এই দুই বিদেশি নাগরিককে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য খুঁজে পাচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারও করতে পারেনি কোনো খুনিকে।

আরও পড়ুন