বুধবার ৪ নভেম্বর ২০২৬

দৌড়ের উপর থাকা এমপি লিটনকে খুঁজে পাচ্ছে না পুলিশ!

1_333554শিশুকে হত্যার চেষ্টায় গুলি করে আহত করার ঘটনায়  দৌড়ের উপর থাকা গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের সরকারদলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে ‘খুঁজে’ পাচ্ছে না পুলিশ। তাকে গ্রেফতারের চেষ্টা চললেও কোথাও তার সন্ধান মিলছে না। লিটনের ঘনিষ্ঠজনরাও এ ব্যাপারে মুখ খুলছেন না। তবে তারা বলছেন, এমপি পালিয়ে বেড়াচ্ছেন বা গা ঢাকা দিয়েছেন এমনটা সত্য নয়। আসলে তিনি সবকিছু থেকে কিছু সময়ের জন্য নিজেকে ‘দূরে সরিয়ে’ রেখেছেন।

মঙ্গলবারও যথারীতি এমপি লিটনের মোবাইল ফোনটি বন্ধ ছিল। তার স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতির মোবাইল ফোনটিও বন্ধ। ঘটনার পর থেকে কেউ তাকে এলাকায় দেখতে পাননি। উৎসুক মানুষ ও সাংবাদিকরা প্রতিদিনই তার বাড়ির আঙিনায় গিয়ে ভিড় করছেন। কিন্তু সেখানে তার পক্ষে কথা বলার মতো কেউ নেই। এদিনও নানা প্রতিবাদ কর্মসূচিতে উত্তাল ছিল গাইবান্ধা। লিটনের গ্রেফতার, শাস্তি ও সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে সুন্দরগঞ্জে গণস্বাক্ষর ও গাইবান্ধা শহরে মানববন্ধন হয়। একই দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মুখে কালো কাপড় বেঁধে শহীদ মিনারে কর্মসূচি পালন করে।

এদিকে একটি মহল প্রতিবাদকারী ও মিডিয়াকর্মীদের নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করছে। একই সঙ্গে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এমপি লিটনের পিস্তলের গুলিতে আহত শাহাদাত হোসেন সৌরভের বাবা ও আÍীয়-স্বজনকে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। তবে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিটনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ আন্দোলনকারীদের উজ্জীবিত করে তুলেছে। কিন্তু ঘটনার ৫ দিন পরও গ্রেফতার না হওয়ায় নানা প্রশ্ন দানা বাঁধছে।

পুলিশ জানায়, এমপি লিটনের কোনো সন্ধান পাচ্ছেন না তারা। তার অবস্থান সম্পর্কে এখনও তারা নিশ্চিত নন। এ ব্যাপারে পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম বলেন, তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে আমাদের বিভিন্ন সোর্স কাজ করছে। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাইল হোসেন যুগান্তরকে বলেন, এমপিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। তবে তাকে কোথাও পাওয়া যাচ্ছে না।

এমপির ঘনিষ্ঠজনরা বলছেন, ঘটনার পর তিনি মিঠাপুকুরে তার এক নিকটাত্মীয়ের (শ্যালিকা) বাসায় চলে যান। কিন্তু সেখানে নিজেকে নিরাপদ মনে না করায় তিনি সেখান থেকে ঢাকা চলে গেছেন। অনেকে বলছেন, তিনি মোহাম্মদপুরে তার নিজের ফ্লাটেই আছেন। আবার কেউ কেউ বলছেন, তিনি আছেন ধানমণ্ডিতে। গোপনে তিনি তার ক্যাডারদের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন। তাদের এলাকায় একটি বড় ধরনের শোডাইন করতেও নির্দেশ দিয়েছেন তিনি। যাতে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে না পারে।

এমপির কাছের লোকদের কেউ কেউ বলছেন, এমপি সাহেব পালিয়ে বেড়াচ্ছেন বা গা ঢাকা দিয়েছেন এমন তথ্য সঠিক নয়। আসলে তিনি সবকিছু থেকে নিজেকে একটু দূরে রাখছেন। মঙ্গলবার সুন্দরগঞ্জে লিটনের গ্রেফতার, শাস্তি ও সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে পৌর নাগরিক সংগ্রাম পরিষদ, আওয়ামী লীগের একাংশ ও সর্বস্তরের মানুষ আমতলী মোড়ে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করে।

এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সৌরভের পাশে থাকা তার বাবা সাজু মিয়া মঙ্গলবার সন্ধ্যায় জানান, এমপি লিটনের আত্মীয় পরিচয়ে এক মহিলা বিকালে তাকে হাসপাতালে ১০ হাজার টাকা দিতে আসেন। এ সময় তারা টাকা দেয়ার দৃশ্যটি ভিডিও করতে চান। কিন্তু সাজু মিয়া ওই টাকা প্রত্যাখ্যান করেছেন। তিনি আরও জানান, সৌরভের ডান পা সামান্য নাড়াতে পারলেও এখন পর্যন্ত বাঁ পা পুরোপুরি নাড়াতে পারছে না। তিনি নিজের ক্ষমতায় ও জনগণের সহযোগিতা নিয়ে সন্তানের চিকিৎসা করে যাবেন বলে জানান।

নিজস্ব  প্রতিবেদক, গাইবান্ধা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন