দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডে জড়িতরা সরকারের মদদে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। বলেন, ‘বিদেশি নাগরিকদের হত্যার ঘটনায় জড়িতদের ধরার সাহস সরকারের প্রশাসন ও সংশ্লিষ্টদের নেই। এই খুনিরা সরকারের মদদেই আছে।’
বুধবার বিকেল সাড়ে ৫টায় জাতীয় প্রেসক্লাবে তাঁতীদল নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করছে বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা। বলেন, এ কারণে দেশে লুটপাট, নির্যাতন ও অত্যাচার ব্যাপক বেড়েছে। এসব ঘটনায় বিএনপি আন্দোলনে না গেলেও জনগণ ঘরে বসে থাকবে না। পরিস্থিতির প্রয়োজনে তারা রাস্তায় নেমে পড়বে। সরকারের এই দুঃশাসন আর নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন হবেই।


