সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে অানতে আগামী ১২ অক্টোবর সৌদি আরব যাচ্ছেন পুলিশের ৩ কর্মকর্তা। পুলিশ সদরদপ্তরের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
খবরটির সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া এন্ড পিআর) নজরুল ইসলাম।
আসামি কামরুলকে আনার জন্য যে তিন পুলিশ কর্মকর্তা বিদেশে যাচ্ছেন তারা হলেন- পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুবুল করিম, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ এবং সহকারী পুলিশ কমিশনার এ এফ এফ নেজাম উদ্দিন।
আইজিপির নির্দেশে এআইজি (এনসিবি) মাহবুবুর রহমান ভূঁইয়া আসামি কামরুলকে ফিরিয়ে আনার উদ্যোগ নেন। তিনি ইন্টারপোলের মাধ্যমে রিয়াদ এনসিবির সহযোগিতা চেয়ে রেড নোটিশ ইস্যুর জন্য অনুরোধ জানান। পুলিশ সদরদপ্তরের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যম হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বন্দি বিনিময়ের জন্য অনুরোধ করে সৌদি কর্তৃপক্ষকে। এআইজি (এনসিবি) মাহবুবুর রহমান ভূঁইয়া সার্বিক যোগাযোগ অব্যাহত রাখেন। এর প্রেক্ষিতে সৌদি আরব কর্তৃপক্ষ আসামি কামরুলকে ফেরত দিতে সম্মত হয়।


