যশোরের একটি আবাসিক হোটেলে মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেনকে হত্যার দায়ে তার সহযোগী তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এই রায়ে আসামিদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার আশাশুনি উপজেলার আশাশুনি গ্রামের নাজমুল হক (২৭), খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকার আব্দুল্লাহ ওমর ফারুক লাবলু (২৫) ও খুলনা জেলার রূপসা উপজেলার শিরগাতি গ্রামের আব্দুর রাজ্জাক বাবু (২৫)। এদের মধ্যে নাজমুল হক ও আব্দুল্লাহ ওমর ফারুক লাবলু রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অপর আসামি আব্দুর রাজ্জাক বাবু পলাতক রয়েছেন।
খবরটি নিশ্চিত করেছেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট এনামুল কবীর।


