পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে আন্দোলনের অংশ হিসেবে ভর্তি পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়ার পরপরই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বহিষ্কার করেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিগুলোর সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
এক বিজ্ঞপ্তিতে ফেডারেশন জানায়, শৃঙ্খলা ভঙের কারণে জবি শিক্ষক সমিতিকে বহিষ্কার করা হয়েছে, যা বুধবার থেকে কার্যকর হবে।
এ বিষয়ে বুধবার রাতে ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, অর্থমন্ত্রীর বক্তব্যের বিষয়ে ফেডারেশনের যে কর্মসূচি ছিল জবি শিক্ষক সমিতি তা অমান্য করেছে। ফলে গত ১০ সেপ্টেম্বরই ফেডারেশন তাদের জানিয়ে দিয়েছিল যে, এ ধরনের ঘটনা পরে ঘটলে তাদের সাময়িক বহিষ্কার করা হবে। কিন্তু এর পরেও নিয়ম ভেঙে আলাদা কর্মসূচি দেওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে।
তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের জিম্মি করে কর্মসূচি দিতে চাই না, কিন্তু তারা তাই করল। আমরা চেয়েছিলাম পরীক্ষাগুলো হয়ে যাক, যাতে সাধারণ মানুষ আমাদের পক্ষে থাকেন।
অ্যধাপক মাকসুদ কামাল আরও বলেন, তারা যদি ভুল স্বীকার করে ক্ষমা চান, তাহলে ফেডারেশন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।
এ বিষয়ে জবি শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তারা রিসিভ করেননি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ফেডারেশন দাবি বাস্তবায়ন না হলে ১ নভেম্বর থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেয়, কিন্তু তা অমান্য করে বুধবার ভর্তি পরীক্ষা বর্জনের পৃথক কর্মসূচি দেয় জবি শিক্ষক সমিতি।
এ ঘটনার পর ভর্তি পরীক্ষা নিয়ে বৃহস্পতিবার সকাল ১০ টায় জরুরী একাডেমিক কাউন্সিলের সভা ডেকেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।


