ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিট ভর্তির জন্য প্রতি আসনের বিপরীতে প্রায় ১৪ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘খ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
এবার খ ইউনিটের ২ হাজার ২৯৬টি আসনের বিপরীতে ৩১ হাজার ১৬৩ জন শিক্ষার্থী ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৬৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, যে যথারীতি পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন, কিংবা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনও ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ।”
ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।


