আমেরিকায় গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ষোলো বার পোশাক বদল করেছেন বলে অভিযোগ করেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের শীর্ষনেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, মোদি একটা স্যুট পরেই গায়ে তুলে নেন অন্যটা। তাঁর জামাকাপড় কখনও সবুজ, কখনও হলুদ, নীল আবার কোনও সময়ে গোলাপি পোশাকে দেখা যায় তাঁকে. . .।
ভারতের বিহারে এক নির্বাচনী জনসভায় বুধবার এ কথা বলেন তিনি। তিনি মোদি সরকারকে ‘স্যুটবুটের সরকার’ বলে মন্তব্য করে রাহুল গান্ধী বলেন,‘আমি মোদি সরকারকে স্যুটবুটের সরকার বলার পর থেকে প্রধানমন্ত্রী স্যুট পরা ছেড়ে দিয়েছেন।’’
এদিন রাহুল মোদির পোশাক ও বিদেশ সফর নিয়ে সরব হয়েছেন। ভোটারদের সামনে মোদির জামাকাপড় নিয়ে রাহুলের কটাক্ষ, ‘নীতীশ কুমারকে দেখুন, উনি সব সময়ে সাদা পোশাকেই থাকেন!’
মোদীর আমেরিকা সফরে তথ্যপ্রযুক্তি জগতের শীর্ষকর্তাদের সঙ্গে তাঁর বৈঠকে প্রসঙ্গ টেনে রাহুল বলেন, ‘ছেঁড়া পোশাক পরা চাষি কিংবা শ্রমিকদের সঙ্গে আপনারা প্রধানমন্ত্রীকে কখনও দেখেছেন কি?’
তবে কংগ্রেস সহ সভাপতি গরম বক্তৃতা দিলেও এ দিন জনসভায় লোক টানতে ব্যর্থ হয়েছেন। তা নিয়ে চিন্তিত স্থানীয় কংগ্রেস নেতারা। তাঁদের অভিযোগ, মহাজোটের তরফে এমন সব জায়গায় কংগ্রেসকে আসন দেওয়া হয়েছে, যেখানে জেতার সম্ভাবনা খুবই কম।-সূত্র: আনন্দবাজার।


