গাজীপুরে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে প্রতিবন্ধী দুই পোশাককর্মী নিহত হয়েছেন। এসময় আরো ৩জন আহত হয়। শুক্রবার সকালে নগরীর ভুরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতরা সবাই বাক ও শ্রবণপ্রতিবন্ধী। কোনাবাড়ির জরুন এলাকার কেয়া নিট কম্পোজিট নামের একটি কারখানার বধির ইউনিটে কাজ করতেন তারা।
ভুরুলিয়ার মার্কাজ মসজিদে তাবলীগের প্রচারের কাজ শেষে ফেরার পথে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তারা দুর্ঘটনায় পড়েন।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই দাদন মিয়া জানান, জামালপুর কমিউটার ভুরুলিয়া রেলব্রিজ পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন খুলনার মো. রমজান আলী (৩০)। আনুমানিক ৩২ বছর বয়সী আরেকজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


