ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো চলতি বছরের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ। এ বছর ঢাবির খ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেন ১৪ জন শিক্ষার্থী। এদিকে, চলতি বছর থেকে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশ নেয়ার সুযোগ না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা।
পরীক্ষা শুরুর আগেই শুক্রবার সকাল থেকে ভর্তীচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা আসতে শুরু করেন ক্যাম্পাসে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর বাইরের ৬৯টি কেন্দ্রে হয় ভর্তি পরীক্ষা। এবার খ ইউনিটে দুই হাজার দুশ’ ছিয়ানব্বইটি আসনের বিপরীতে আবেদন করেছে ৩১ হাজার ১৬৩ জন শিক্ষার্থী।
পরীক্ষাকেন্দ্রে পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাংবাদিকদের বলেন, সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চলতি বছর থেকে ভর্তি পরীক্ষায় উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ দ্বিতীয়বারের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ না নেয়ায় প্রতিযোগিতায় ভারসাম্য আসবে বলে জানিয়েছে ভর্তীচ্ছুরা। দু’এক দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ৭২০টি আসনের বিপরীতে চল্লিশ হাজার ছয়শ চৌত্রিশ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮টি কেন্দ্রে এ পরীক্ষা হয়।
এবার প্রতি আসনের বিপরীতে ৫৬ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেন। পরীক্ষা চলাকালীন কোনো ধরনের জালিয়াতি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


