বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভারতের সঙ্গে শান্তি আলোচনায় আগ্রহ পাকিস্তানের

pak-indভারতের সঙ্গে আলোচনা শুরুর বিষয়টি পুনর্বিবেচনার কথা জানিয়েছে পাকিস্তান। তবে সেক্ষেত্রে কোনো পূর্বশর্ত বিবেচনা করা হবে না বলে মন্তব্য করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে গরুর মাংস খাওয়া নিয়ে বিতর্ক ও সংঘাতের ঘটনায় ভারতের সমালোচনা করেছে ইসলামাবাদ।

এদিকে, ভারতের পক্ষ থেকেও জানানো হয়েছে, পাকিস্তান রাজি থাকলে আলোচনায় বসতে আপত্তি নেই তাদের। তবে উফা সম্মেলনে আলোচনায় আসা বিষয়গুলো নিয়েই আলোচনা হতে হবে বলে দাবি জানিয়েছে তারা।

বুধবার গুজরাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে ধরা পড়ে এক পাকিস্তানি নাগরিক। ভারতে অনুপ্রবেশের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য এরই মধ্যে সাতালপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তাকে। তবে আটক পাকিস্তানির দাবি গরু খুঁজতে খুঁজতে ভুল করে সীমান্ত পার হয়ে ভারতে ঢুকে পড়ে সে।

বারবারই পাকিস্তানের বিরুদ্ধে অনুপ্রবেশ, জঙ্গি তৎপরতা ও সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে ভারত। আগস্টে এ ইস্যুকে কেন্দ্র করে ভেস্তে যায় দুই দেশের মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকও।

বৃহস্পতিবার ইসলামাবাদে নিয়মিত সাপ্তাহিক বিফিং এ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খলিলুল্লাহ কাজি বলেন, কোন শর্ত বেধে না দিলে ভারতের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে পাকিস্তান। তবে এক্ষেত্রে অবশ্যই কাশ্মীর ইস্যু এজেন্ডায় থাকতে হবে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খলিলুল্লাহ কাজি বলেন, দু’দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে আলোচনার বিকল্প নেই। আমরা বারবার বলে আসছি আলোচনা হলে কাশ্মীর ইস্যুসহ সব বিষয় নিয়েই আলোচনা হতে হবে। ভারত -পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনের লক্ষ্যে জাতিসংঘের কাছে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ যে চার দফা প্রস্তাব দিয়েছেন তার গুরুত্ব ভারত শিগগিরই বুঝতে পারবে বলে আশা করছি।

ভারতের গরুর মাংস খাওয়া নিয়ে সংঘাত ও বিতর্কের প্রসঙ্গ উল্লেখ করে খলিলুল্লাহ কাজি বলেন, ভারতের মত গণতান্ত্রিক ও ধর্ম নিরপেক্ষ দেশে এমন ঘটনা কাম্য নয়।

বিশ্বে গরু রফতানির দিক দিয়ে ভারত দ্বিতীয়। গরু মাংস খাওয়ার অপরাধে মুসলমানদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় মুসলিম উম্মাহ উদ্বিগ্ন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে নয়াদিল্লী সরকার ব্যবস্থা নেবে বলে আমরা আশা রাখছি।

পাকিস্তানের মন্তব্যের পর আলোচনায় বসতে আপত্তি নেই বলে ভারতের পক্ষ থেকেও জানানো হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, রাশিয়ার উফায় ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীদের মধ্যে যে বিষয়গুলো নিয়ে বৈঠক হয়েছিল তার আলোকেই আলোচনা হতে হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, জঙ্গি মোকাবেলার বিষয়গুলো নিয়ে ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা বৈঠকে বসবেন। সীমান্তে গোলাগুলি, বিশৃঙ্খলা, জলসীমায় অনুপ্রবেশের দায়ে আটক জেলেদের মুক্তিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে ডিজি-বিএসএফ, পাক রেঞ্জার্স ও ডিজিএমওদের মধ্যেও বৈঠকের কথা চলছে।

১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর ৩ বার যুদ্ধে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। এর মধ্যে দুটি যুদ্ধই হয়েছে কাশ্মীরের মালিকানা নিয়ে।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন