বুধবার ৪ নভেম্বর ২০২৬

মিনায় নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে ৬৭

HAJJ-minaসৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১০৯ জন। শুক্রবার সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এ কে এম শহিদুল করীম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, এ মুহূর্তে ১৩০ বাংলাদেশি হাজিকে মক্কা ও জেদ্দার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের বেশির ভাগই রয়েছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। এই হাজিদের সুস্থতার ওপর নির্ভর করছে, কবে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।

কনস্যুলেট ও মক্কায় বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তারা বাকি মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে কাজ করছেন। নিহত কিছু হাজির লাশ চিহ্নিত করে তাদের আত্মীয়-স্বজনের মাধ্যমে মক্কাতেই দাফন করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ হজ মিশন।

বাংলাদেশি হাজীদের মধ্যে এখনও যাদের খোঁজ পাওয়া যায়নি, তাদের আত্মীয়-স্বজন, সহগামী হাজী ও হজ এজেন্টদের মক্কায় হজ মিশনের সঙ্গে (কক্ষ-১০৭, ফোন : ০০৯৬৬-(০)১২৫৪১৩৯৮০, ই-মেইল : [email protected] যোগাযোগ রাখতে অনুরোধ করা হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে মুজদালিফা থেকে শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপের জন্য মিনায় যাওয়ার সময় পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত এক হাজার ১০০ হাজির ছবি প্রকাশ করে সৌদি আরব। চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০ লাখের বেশি মানুষ মক্কায় হজ পালন করতে যান।

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন