বুধবার ৪ নভেম্বর ২০২৬

খালেদা জিয়া বিদেশে বসে দেশে খুন করাচ্ছেন: শেখ হাসিনা

PM_2দুই বিদেশি হত্যাকাণ্ডের জন্য সরাসরি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, খালেদা জিয়া বিদেশে বসে বাংলাদেশে বিদেশি নাগরিকদের হত্যা করে আতঙ্ক ছড়াচ্ছেন। দেশের ভাবমূর্তি নষ্ট করছেন। এটা তার (খালেদা) আন্দোলনের নতুন কৌশল।

শনিবার গণভবনে এক অনুষ্ঠানে শেখ হাসিনা একথা বলেন।

সম্প্রতি ছয় দিনের ব্যবধানে ঢাকায় ইতালির নাগরিক সিজার তাভেল্লা এবং রংপুরে জাপানের নাগরিক হোসি কনিওকে গুলি চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। যা নিয়ে সারাবিশ্বেই চলছে ব্যাপক সমালোচনা।

বিএনপি চেয়ারপারসনকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, “দেশে থেকে দেশের মানুষ হত্যা করেছে। বিদেশে বসে এখন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরিকল্পনা করছে। বিদেশে গিয়ে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে রয়েছেন খালেদা জিয়া। বাংলাদেশে আওয়ামী লীগের শাসনে গণতন্ত্র নেই দাবি করে বিষয়টিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি।”

শেখ হাসিনা বলেন, “বিদেশে লবিস্ট রেখেছেন। ইউরোপ, ইউএসএ, ইউকে’তে বদনাম আর প্যানিক ছড়াচ্ছে। বিএনপি-জামায়াত, তাদের অনেক টাকা আছে। বিদেশে বসে তারা দেশের বদনাম করছে। বিদেশে বসে বাংলাদেশে যে বিদেশি থাকে, তাদের হত্যা করে, তাদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে এদেশের ভাবমূর্তি নষ্ট করছে।”

নির্বাচন বানচালের চেষ্টায় ব্যর্থ হয়ে বিএনপি তাদের আন্দোলনের কৌশল বদলেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সভানেত্রী।

সরকারপ্রধান বলেন, “দেশে থেকে দেশের মানুষ মেরেছেন। আর, বিদেশে গিয়ে বিদেশি মানুষ মারছে। এটা তার (খালেদা জিয়া) নতুন কৌশল। আন্দোলনের কৌশল পাল্টেছেন। দেশে যারা বিদেশি মানুষ আছে, তাদের মেরে উনার আন্দোলন।”

শেখ হাসিনা বলেন, “দেশ যখন আন্তর্জাতিক পর্যায়ে সম্মানিত হয়, তখন তাদের (বিএনপি-জামায়াত) আত্মপীড়ন শুরু হয়। তখনই তারা হত্যা-খুন করে দেশের বদমান করে।”

বিএনপি-জামায়াত জোটের ‘অপকৌশলের’ বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

 

আরও পড়ুন