বুধবার ৪ নভেম্বর ২০২৬

টাঙাইলে ১০ জনের মনোনয়নপত্র জমা

Tangail_টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষদিন ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সহকারী রিটানিং কর্মকর্তার অফিসে রবিবার বিকেল চারটা পর্যন্ত ওই প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
এদের মধ্যে আওয়ামী লীগ, কৃষক শ্রমিক জনতা লীগ, জাতীয় পার্টি (জেপি) ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তবে, বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করছে না।

আগামী ১৩ অক্টোবর মনোনয়ন যাচাই-বাছাই ও ২১ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বেলা তিনটার দিকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীর পক্ষে তার সহধর্মিণী নাসরিন কাদের সিদ্দিকী ও একইসঙ্গে তার নিজের মনোনয়নপত্রও দাখিল করেন।

এর পর দলের অপর দুই প্রার্থী ইকবাল হোসেন সিদ্দিকী ও হাসমত আলী মনোনয়নপত্র দাখিল করেন।

বেলা সাড়ে তিনটার দিকে আওয়ামী লীগ প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী তার সমর্থক ও দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় পার্টি (এরশাদ) প্রার্থী মোস্তাক হোসেন ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর প্রার্থী ইমরুল কায়েস মনোনয়নপত্র জমা দেন।

এর আগে স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলীম মনোনয়নপত্র দাখিল করেন।

জাতীয় পার্টি (জেপি) সাদেক খান ও বিএনএফ’র প্রার্থী আতাউর রহমান খান মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র দাখিল শেষে আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে জানান সাংবাদিকদের।

নির্বাচনে কোনো কারচুপি ও প্রভাব বিস্তারের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

অপরদিকে, নাসরিন কাদের সিদ্দিকী সাংবাদিকদের জানান, সুষ্ঠু অবাধ নির্বাচন হলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবে।

 

আরও পড়ুন