জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মেসবাহ-উল-আজম সওদাগর। গত শুক্রবার ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় কেন্দ্রে অনৈতিক কাজ করায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রোববার জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান।
ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক সরকার আলী আককাস বলেন, “মেসবাহ-উল-আজম সেদিন পরীক্ষার মাঝখানে এক ছাত্রের কাছ থেকে প্রশ্নপত্র নিয়ে বেরিয়ে এসেছিলেন বলে আমরা অভিযোগ পেয়েছি।”
শুক্রবার কলা ও আইন অনুষদের (‘বি’ ইউনিট) ওই পরীক্ষায় ৭২০টি আসনের বিপরীতে ৪০ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী অংশ নেন। অনিয়ম ও জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের জন্য ‘ড্রেস কোড’ ও বেশ কিছু নির্দেশনা ঠিক করে দিলেও তা অনেক ক্ষেত্রে মানা হয়নি বলে অভিযোগ এসেছে।
অভিযোগ উঠে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুরঞ্জন ঘোষ ওইদিন পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে বিজ্ঞান ভবনের ২০৯ নম্বর কক্ষে প্রবেশ করেন। পরীক্ষা শুরুর আগে আগে বেলা ৩টার দিকে তাকে ওই কক্ষ থেকে বেরিয়ে আসতে দেখা যায়। এ সময় তাকে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরতদের সঙ্গে কথাও বলতে দেখা যায়।


