নারায়ণগঞ্জ সদরে স্মৃতি মনি (১৩) নামে ৭ম শ্রেণীর এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ফতুল্লার মধ্য ধর্মগঞ্জ এলাকার একটি ফ্ল্যাটে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্মৃতি মনি ওই এলাকার রমিজ দেওয়ানের বাড়ির ভাড়াটিয়া ফোরকান মৃধার মেয়ে। সে একই এলাকার আরাবিয়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী ছিল।
বাড়িওয়ালার স্ত্রী হালিমা বেগম রবিবার সকালে বলেন, ‘স্মৃতি মনির বাবা ও মা স্থানীয় একটি বাজারের মুদি দোকানদার। তাদের ৪ ছেলে ৩ মেয়ের মধ্যে স্মৃতি মনি ৫ম। শনিবার সন্ধ্যার পর তাদের ঘরে ভাঙচুরের শব্দ পাই। তখন আমি নামাজে ছিলাম। নামাজ শেষে তাদের ঘরে গিয়ে স্মৃতি মনির নিথর দেহ পড়ে থাকতে দেখে তার বাবা-মাকে খবর দেই।’
স্মৃতির মা তাসলিমা বেগম জানান, কে বা কারা স্মৃতি মনির মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়ে গেছে। তাদের সঙ্গে কারো বিরোধ নেই। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী।
ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, খবর পেয়ে সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রির্পোট তৈরির সময় ধর্ষণের কিছুটা আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে।


