বুধবার ৪ নভেম্বর ২০২৬

রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণ: দগ্ধ ৫

DMCH-Burnরাজধানীর দক্ষিণখানের আশকোনায় চুলা জ্বালানোর সময় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, রেহানা আক্তার (৪০), তাঁর মেয়ে আফসানা আক্তার (১৯), ছেলে রেজওয়ান আহমেদ (১৮) ও তানভীর আহমেদ (১৪) এবং গৃহকর্মী সখিনা বেগম (৪৫)। তাঁদের সকাল সোয়া নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা ব্রজেন বলেন, “সম্ভবত গ্যাসের পাইপে ছিদ্র ছিল। সকালে গৃহপরিচারিকা চুলা জ্বালাতে গেলে বিকট শব্দ হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গেলেও স্থানীয়রা আগেই আগুন নিভিয়ে ফেলেন।”

দগ্ধ রেজওয়ান আহমেদ বলেন, সকালে তাঁরা ঘুমিয়ে থাকা অবস্থায় গৃহকর্মী সখিনা বেগম নাশতার আয়োজন করছিলেন। চুলা জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে। পরে প্রতিবেশী ও স্বজনেরা তাঁদের হাসপাতালে নিয়ে আসেন।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, রেহানা আক্তার ও সখিনা বেগমের অবস্থা আশঙ্কাজনক। তবে তাঁদের শরীরের কত শতাংশ পুড়ে গেছে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তিনি জানাতে পারেননি।

হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন