বুধবার ৪ নভেম্বর ২০২৬

আজ মহালয়া: মর্ত্যলোকে দেবীকে জানান হল আমন্ত্রণ

Mahalaya_আজ শুভ মহালয়া। এদিন শ্রী শ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে আমন্ত্রণ জানানো হয়। শেফালি ঝরা শারদ প্রভাতে জলদকণ্ঠে চণ্ডীপাঠ আর পিতৃপক্ষের তর্পণের সমাপন ঘটে। চণ্ডীপাঠের মাধ্যমে মর্ত্যলোকে আমন্ত্রণ জানানো হল দেবী দুর্গাকে। অতঃপর ঘনঘটার অমাবস্যা তিথিতে প্রাণে দ্যোতনা তুলে ঢাকে পড়বে কাঠি।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ ভোর ৬টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে দেশের অন্যান্য মন্দিরেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন রয়েছে। মহালয়া উপলক্ষে বনানী মাঠে দেবীবরণের আয়োজন করেছে গুলশান-বনানী সার্বজনীন পূজা পরিষদ। ভোর ৬টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন মহালয়া। পুরাণ মতে, মহালয়া থেকে দুর্গাপূজার দিন গণনা শুরু হয়।

আগামী ১৮ অক্টোবর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হবে।

পঞ্জিকামতে, আজ ঋতু শরতের শেষ দিন, অমাবস্যা তিথি। পিতৃপক্ষ থেকে দেবীপক্ষের সূচনালগ্ন। পূর্বাহ্ণে দেবীর ঘট স্থাপন ও পূজার মধ্য দিয়ে এ দিন বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা শুরু করেন দেবীকে বরণ করার আনুষ্ঠানিকতা। মহালয়ার অনুষ্ঠানে সবাই প্রত্যাশা করেন, দেবীর আগমনে সুখী-সমৃদ্ধ হয়ে উঠবে পৃথিবী। তাঁদের আশা, এই মাতৃশক্তি অসুর বিনাশ করে মানবজাতিকে দেখাবে শুভবুদ্ধির পথ।

গুলশান-বনানী সার্বজনীন পূজা পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ বলেন, ‘উনি (দেবী দুর্গা) প্রতিবছরই এভাবে মর্ত্যে আসেন এবং আসুরিক শক্তিকে বিনাশ করে, শুভ শক্তিকে প্রতিষ্ঠিত করে উনি যান। এটাই হচ্ছে আমাদের মূল কনসেপ্ট (ধারণা)।’

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে রাজধানীসহ সারাদেশে উত্সবের আমেজ শুরু হয়েছে। দেশে প্রতিবছর পূজামণ্ডপের সংখ্যা বাড়ছে। এ বছরও বাড়ছে প্রায় ৫শ পূজামণ্ডপ। ঢাকেশ্বরী মন্দিরে এবারের আয়োজনের মধ্যে রয়েছে ১৮ অক্টোবর বেদীর ষষ্ঠাদি কল্পারম্ভ, ১৯ অক্টোবর সপ্তমীতে সকালে মহাসপ্তমী পূজা, সন্ধিপূজা, ২০ অক্টোবর সকালে দেবীর মহাষ্টমী পূজা আরম্ভ, রাত ১১টা থেকে ১১টা ৫২ মিনিটে সন্ধিপূজা, ২১ অক্টোবর পূর্বাহ্নে দেবীর মহানবমী পূজা সমাপন ও ২২ অক্টোবর সকাল ৯টা ৫৩ মিনিটে দশমী পূজা আরম্ভ এবং সকাল ১০টা ৫১ মিনিটে পূজা সমাপন ও রাতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানের মধ্য দিয়ে শারদীয় দুর্গোত্সব শেষ হবে ।

এ বছর সারাদেশে সাড়ে ২৮ হাজার ৪০০ এবং ঢাকা শহরে ২২৯টি মণ্ডপে পূজা হবে।

আরও পড়ুন