বুধবার ৪ নভেম্বর ২০২৬

পাদ্রি হত্যাচেষ্টা মামলায় ৫ ‘জেএমবি’ গ্রেপ্তার: করতেন শিবির

JMB-Fatherপাবনার ঈশ্বরদীতে খ্রিস্টান পাদ্রি লুক সরকারকে হত্যাচেষ্টার ঘটনায় ‘জেএমবির এক আঞ্চলিক কমাণ্ডার’সহ পাঁচজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। সোমবার পাবনার পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে গ্রেপ্তার পাঁচজনকে হাজির করা হয়।

রাজধানী ঢাকা, পাবনা ও সিরাজগঞ্জে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি’র সদস্য।

এরা হলেন- পাবনা সদর উপজেলার নূরপুর গাংকোলা গ্রামের আব্দুল জলিলের ছেলে রাবিক ওরফে রাব্বি (২২), একই উপজেলার সিঙ্গা পালপাড়া গ্রামের আব্দুল রহিম শেখ, নাজিরপুর নিয়ামতুল্লাহপুর গ্রামের নওশের প্রমাণিকের ছেলে আব্দুল আলিম (৩৬), মজিদপুর মধ্যপাড়া গ্রামের মুসনুর আলীর ছেলে শরিফুল ইসলাম ওরফে তুলিব (২২) ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বাগাবাড়ি গ্রামের কাশেম আলীর ছেলে আমজাদ হোসেন (৩০)।

পাঁচজনই ছাত্রজীবনে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

এদের মধ্যে রাকিব নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির আঞ্চলিক কমাণ্ডার এবং বাকিরা সদস্য বলে সংবাদ সম্মেলনে বলা হয়।

পাবনার পুলিশ সুপার আলমগীর কবির পরাগ বলেন, প্রথমে রাকিবকে গ্রেপ্তার করে পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাকিদের গ্রেপ্তার করেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি ও আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই তারা ধর্মযাজককে হত্যার চেষ্টা চালায়।

গত ৫ অক্টোবর সকালে ঈশ্বরদীর ব্যাপ্টিস্ট মিশনের ‘ফেইথ বাইবেল চার্চ অব গড’ এর ফাদার লুক সরকার পৌর এলাকার স্কুলপাড়ায় নিজের ভাড়া বাড়িতে হামলার শিকার হন।

তিন যুবক ধর্মের বাণী শোনার নাম করে বাসায় এসে মুখ চেপে ধরে এই পাদ্রির গলায় ছুরি চালানোর চেষ্টা করে। এ সময় লুক সরকার একজনের হাতে কামড় দিয়ে চিৎকার করে উঠলে তার স্ত্রী পদ্মা সরকার ও প্রতিবেশীরা ছুটে আসেন এবং হামলাকারীরা পালিয়ে যায়।

পরদিন ওবায়দুর রহমান (২২) নামে একজনকে ওই হত্যাচেষ্টার ঘটনায় আটক করে পুলিশ। ওবায়দুর ইসলামী ছাত্র শিবিরের কর্মী বলে সে সময় পুলিশের পক্ষ থেকে বলা হলেও পরে বিবৃতি দিয়ে শিবিরের পক্ষ থেকে বলা হয়, ওই যুবক তাদের সংগঠনের নয়।

সিরাজগঞ্জে আটক ৫ জেএমবি জঙ্গি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জেএমবি সদস্য সন্দেহে তিন যুবককে আটক করেছে পুলিশ।

উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ জানান, রোববার দুপুরে উপজেলার রাঘব বাড়িয়া গ্রাম থেকে তিন যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে উগ্রপন্থি বই উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন-উপজেলার পঞ্চকোশী ইউনিয়নের রাঘববাড়িয়া গ্রামের ওমর আলী আকন্দ (২৯), ইদ্রিস আলী আকন্দ (৩২) ও সদর উপজেলার শাহানগাছা এলাকার সোয়াইব হোসেন বাবু (১৯)।

দেওয়ান কৌশিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাঘববাড়িয়া গ্রামের আব্দুস ছাত্তার আকন্দের বাড়িতে ‘জেএমবি সদস্যরা’ বৈঠক করছে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তার দুই ছেলে ও বাবুকে আটক করা হয়।

“অভিযানে জিহাদি বই এবং তাদের মোবাইলে সংরক্ষণ করা জেএমবির প্রশিক্ষণের ভিডিওচিত্রও উদ্ধার করা হয়েছে।”

আরও পড়ুন