কারারক্ষী হেফাজতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে যাওয়া নারী ও শিশু নির্যাতন মামলার আসামি আবদুস সামাদ রাব্বানীকে (২৮) মাধবপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
ধবপুর রেলস্টেশন এলাকা থেকে সোমবার ভোর ৫টায় তাকে মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবপুর থানা পুলিশের সহযোগিতায় হাতকড়াসহ গ্রেফতার করেন। সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ছগীর মিয়া বলেন, গ্রেপ্তার সামাদ রাব্বানীকে ভোরে মাধবপুর থানা হেফাজতে রাখা হয়েছিল। পরে তাঁকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
১০ অক্টোবর রাত ২টার দিকে রাব্বানী সিলেট ওসামনী হাসপাতালের ৪র্থ তলার ৪নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের বাথরুমের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ইনচার্জের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার প্রস্তুতি চলছে।
কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, সামাদের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায়। সুনামগঞ্জের ছাতক উপজেলার পশ্চিম মানিকপুরের একটি মেয়েকে ধর্ষণের ঘটনায় করা মামলার আসামি তিনি। সম্প্রতি আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
অসুস্থ অবস্থায় সামাদকে গত মঙ্গলবার কারাগার থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চতুর্থ তলার ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি।
গতকাল রোববার ভোররাত ২টার দিকে সামাদ শৌচাগারে যান। কিন্তু দীর্ঘ সময় পরও বের না হওয়ায় দায়িত্বরত তিন কারারক্ষী শৌচাগারের দরজায় ধাক্কা দেন। দরজা খুলে গেলে তাঁরা দেখতে পান, ভেতরে কেউ নেই। শৌচাগারের ভেন্টিলেটর ভাঙা।
নারী ও শিশু নির্যাতন মামলার আসামি আবদুস সামাদ রাব্বানীকে গত ৩ অক্টোবর সিলেট ওসামনী হাসপাতালে ভর্তি করা হয়।


