আগামী ৪০ বছরের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাংলাদেশ- জানিয়ে যুক্তরাজ্যে সফররত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার জন্য বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, আর দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশকে গণতন্ত্রের মডেল হিসেবে গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনা কাজ করছেন।
রোববার যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় অাশরাফ একথা বলেন।
আশরাফ বলেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, শুধু বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নন, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। তার নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে সকল মানুষের সমান অধিকার থাকবে।
তিনি বলেন, জাতির জনকের ৪০ তম শাহাদাত বার্ষিকীর ৪০ দিনব্যাপী কমসূচীতে প্রতিদিন মানুষের স্বপ্রণোদিত অংশগ্রহণ দেখেছি, তা ছিলো বঙ্গবন্ধুর প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা।বঙ্গবন্ধু সমগ্র জাতির, বঙ্গবন্ধুকে সাবজনীন করতে হবে।
আশরাফ বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি হচ্ছে সেই ধারাবাহিকতাকে ধরে রাখতে শেখ হাসিনার হাতকে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী করতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে জননেত্রী শেখ হাসিনাকে কেন্দ্রবিন্ধু করে জাতীয় ঐক্যের প্রয়োজন। অতীতের বিভাজনের রাজনৈতিক ইতিহাস থেকে বেরিয়ে এসে জাতির প্রয়োজনে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এগিয়ে যেতে হবে। বলেন, ক্ষমতাসীন দলের এই প্রভাবশালী নেতা।


