রাশিয়ায় অনুষ্ঠিতব্য ২০১৮ ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের ফিরতি লেগে অ্যাওয়ে ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ জাতীয় দল। কিরগিজস্তানের বিশকেক-এ অনুষ্ঠিত হবে ম্যাচটি।
গত জুনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের হোম ম্যাচে কিরগিজস্তানের কাছে ৩-১ গোলে হারে বাংলাদেশ। তাই ফিরতি লেগের ম্যাচে ঐ হারের প্রতিশোধ নেয়ার সুযোগ মামুনুলের দলের। কিরগিজস্তানের বিশকেক স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
দ্বিতীয় রাউন্ডের ‘বি’ গ্রুপে কিরগিজস্তানের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ খেলতে ১০ অক্টোবর বিশকেক পৌঁছায় বাংলাদেশ। মামুনুলরা স্থানীয় ঠান্ডা আবহাওয়ায় ইতোমধ্যে মানিয়ে নিয়েছেন। অনুশীলন করেছেন ইতালীয় কোচ ফ্যাবিও লোপেজের অধীনে। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে লোপেজের এটি প্রথম ম্যাচ।
এ ম্যাচে ড্র করতে পারলে সেটা বাংলাদেশের বড় অর্জন হবে বলে মনে করছেন ফুটবল কর্তারা। এবারের বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের মিশন শুরু হয় কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। গত ১১ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কিরগিজস্তানের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ।
স্পোর্টস ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


