টাঙ্গাইলে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে কৃষক শ্রমিক জনতা লীগের জেলা শাখা। টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলের প্রতিবাদে মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে সংবাদ সম্মেলনে এ হরতালের ঘোষণা দেওয়া হয়।
এর আগে পৌনে ১টার দিকে ১০ কোটি ৮৮ লাখ ২৬ হাজার ৪২৩ টাকা ঋণ খেলাপির দায়ে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর।
টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে ঋণ খেলাপের অভিযোগে কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকীর মনোনয়ন পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
সোমবার রাত আটটার দিকে কাদের সিদ্দিকীকে ঋণখেলাপি উল্লেখ করে উপনির্বাচনের সহকারী রিটানিং কর্মকর্তা তাজুল ইসলামকে ফ্যাক্সযোগে চিঠি পাঠায় ব্যাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো। এর ভিত্তিতে আজ মঙ্গলবার তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
টাঙ্গাইল-৪ আসনের নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসার তাজুল ইসলাম জানান, ওই ফ্যাক্সবার্তায় বলা হয়েছে, অগ্রণী ব্যাংকের রিপোর্ট অনুযায়ী কাদের সিদ্দিকী একজন ঋণ খেলাপি। বেশ কয়েক বছর আগে সোনার বাংলা প্রকৌশলী সংস্থা অগ্রণী ব্যাংক থেকে ১০ কোটি টাকা ঋণ নিয়েছিলো।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী হওয়ায় এই ঋণের দায়ভার কাদের সিদ্দিকীর উপরই বর্তায়।
তাজুল ইসলাম আরো জানান, নির্বাচনী আইন অনুযায়ী ঋণ খেলাপি হওয়ায় কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ। এ কারনে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম



