বুধবার ৪ নভেম্বর ২০২৬

গোপনে মুসলিম রীতিতে রংপুরে জাপানির দাফন

Hoshi-Kunio--Islamভোরের কিছু সময় আগে ব্যাপক গোপনীয়তার মধ্যে রংপুরের মুন্সীপাড়া কবরস্থানে জাপানি নাগরিক কুনিও হোশিকে দাফন করা হয়েছে। রংপুরের জেলা ম্যাজিস্ট্রেট প্রিয় সিন্ধু তালুকদার জানান, গত রাত সাড়ে চারটায় মুসলিম রীতি অনুযায়ী তার দাফন সম্পন্ন হয়েছে। গত রমজানে হোশি কোনিও মুসলমান হয়েছিলেন, নাম নিয়েছিলেন মোহাম্মদ কিবরিয়া।

জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেন, “উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এ কারণে জাপানি দূতাবাস আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছিল, যাতে রংপুরেই তাকে দাফন করা হয়।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবার এ বিষয়ে নির্দেশনা পাওয়ার পরই দাফনের সব ব্যবস্থা করা হয় বলে জানান জেলা প্রশাসক।

মুন্সিপাড়া এলাকার বাসিন্দা রিয়াজুল ইসলাম রিন্টু জানান,“গত রোজার ঈদের আগে ২৭ রমজানের দিন আছরের নামাজের পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ সময় আমিও উপস্থিত ছিলাম। ইসলাম গ্রহণ করে কুনিও ‘গোলাম কিবরিয়া’ নাম নিয়েছিলেন। এরপর থেকে তিনি প্রতি শুক্রবার বাড়ির পাশের এ মসজিদটি থেকে জুমার নামাজ আদায় করতেন। গত কুরবানির ঈদে মুন্সিপাড়া কবরস্থান মাঠে ঈদের নামাজও পড়েছিলেন।

মুন্সিপাড়া এলাকার আরেক বাসিন্দা মিজানুর রহমান রিপু বলেন, “তাকে কয়েক বার জুমার নামাজ পড়তে দেখেছি।”

মুন্সিপাড়া কাদেরিয়া জামে মসজিদের ইমাম সিদ্দিক হোসেন বলেন, “গত রমজান মাসে তিনি আমার কাছেই ইসলাম গ্রহণ করেন। এ সময় এলাকার আরও ১২-১৩ জন মুসল্লি উপস্থিত ছিলেন। তিনি কয়েকবার আমার পেছনে নামাজও আদায় করেছেন।”

আরও পড়ুন