বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী দাসিয়ারছড়া যাচ্ছেন বৃহস্পতিবার

sheikh-hasina-02-newsnextbdআগামী বৃহস্পতিবার দাসিয়ারছড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিলুপ্ত ছিটমহলের ১১১টি জনপদ বাংলাদেশে অন্তর্ভুক্ত হওয়ার পর এটাই তার প্রথম সফর। প্রধানমন্ত্রী সেখানে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন এবং সুধী সমাবেশ বক্তব্য রাখার পাশাপাশি প্রস্তাবিত মুজিব-ইন্দিরা দাসিয়ারছড়া ইউনিয়ন পরিষদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে পুরো এলাকায় এখন সাজসাজ রব। বিরাজ করছে উৎসবের আমেজ।

চলতি বছরের পহেলা আগস্ট কুড়িগ্রাম জেলায় অন্তর্ভুক্ত হয়েছে সাবকে ১২টি ছিটমহল। এর মধ্যে ফুলবাড়ী উপজেলায় অবস্থিত দাসিয়ারছড়া সবচেয়ে বড়। এক হাজার ৬৪৩ দশমিক ৪৪ একর আয়তনের এই জনপদে ১ হাজার ৩৬০টি পরিবারের জনসংখ্যা ৬ হাজার ৬০৮ জন।

আর এই জনপদের কেন্দ্রস্থল কালিরহাট বাজার। বাজার ঘেঁষা প্রস্তাবিত শেখ হাসিনা বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সুধী সমাবেশের মঞ্চ তৈরির কাজ চলছে জোরেশোরে। সড়কগুলো ছেয়ে গেছে তোরণ-ফেস্টুন আর ব্যানারে। সেই সাথে চলছে বিদ্যুৎ সরবরাহ লাইন তৈরি, বিদ্যুৎ সংযোগ এবং মিটার স্থাপনের কাজ। দীর্ঘ ৬৮ বছর ধরে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এখানকার অধিবাসীরা স্বল্প সময়ের মধ্যে উন্নয়নের ছোঁয়া পেয়ে দারুণ খুশি।

এদিকে দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রদানের লক্ষ্যে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা কালিরহাট বাজারে অস্থায়ী কার্যালয় স্থাপন করেছে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানালেন সদ্য বিলুপ্ত ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

দাসিয়ারছড়ায় প্রায় ৫১ কিলোমিটার বিদ্যুৎ সরবরাহ লাইন তৈরি কাজ চলছে। এর মধ্যে ১৭ কিলোমিটারের মতো লাইন তৈরি সম্পন্ন হয়েছে। এখানে ১ হাজার ৯০৬ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।

আরও পড়ুন