উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের উপকূল এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সংস্থাটির এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এদিকে বৃষ্টি আরো দু-একদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন। তিনি বার্তা সংস্থা বাসসকে জানান, মৌসুমের পরিবর্তন এবং উত্তর-দক্ষিণ ও পশ্চিমের বাতাসের কারণে আজ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় আরিফ হোসেন আরো জানান, আগামী দুর্গাপূজার সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। এ সময়ে রোদও থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার থেকে শুরু হওয়া বৃষ্টি দেশের মধ্যাঞ্চল থেকে দক্ষিণে এবং সিলেট বিভাগে হচ্ছে। তবে রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টি হচ্ছে না। সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাতিয়ায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। সেখানে ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া রাজধানী ঢাকায় ৭ মিলিমিটার, কুতুবদিয়ায় ৩৫ মিলিমিটার, সন্দ্বীপে ৩০ মিলিমিটার, রাঙ্গামাটিতে ১৮ মিলিমিটার, সীতাকু-ে ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে আজ সকালে আবহাওয়ার এক বার্তায় বলা হয়েছে, সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়, বাংলাদেশের মধ্যাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অপসারিত হতে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর-পূর্বদিকে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাংশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


