বুধবার ৪ নভেম্বর ২০২৬

গ্রেপ্তার জঙ্গি তরিকুলের নেতৃত্বে খিজির হত্যা: পুলিশ

Monirul1429355652টাঙ্গাইল থেকে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) অন্যতম সংগঠক তরিকুল ইসলামের নেতৃত্বে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান খিজির খানকে হত্যা করা হয়েছে। তরিকুলই পিডিবি সাবেক চেয়ারম্যানকে গলা কেটে হত্যা করে। বলেছেন, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।

খিজির হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বুধবার টাঙ্গাইল থেকে তরিকুল ইসলাম ও রাজধানীর মিরপুর থেকে মো. আলেক ব্যাপারী নামের দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

মনিরুল ইসলাম জানান, তরিকুল ২০০৫ সালে সারা দেশে সিরিজ বোমা হামলার ঘটনায় করা মামলায় পাঁচ বছর কারাভোগ করেন।

যুগ্ম কমিশনার বলেন, খিজির খান হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলো আটজন। যে গাড়িতে করে হত্যাকারীরা এসেছিলো, সেই গাড়ির চালক ছিলো আলেক ব্যাপারী। হত্যাকারীরা দুই ভাগে ভাগ হয়ে এই হত্যাকাণ্ড ঘটায়। একদল তিনতলায় গিয়ে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। আরেক দল দ্বিতীয় এক হয়ে খিজির খানকে গলা কেটে হত্যা করে।

মনিরুল ইসলাম বলেন- প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরিকুল ও আলেক জানিয়েছে, ধর্মীয় মতাদর্শের কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা।

যুগ্ম কমিশনার বলেন, হত্যাকাণ্ডে সম্পৃক্তরা একে অপরকে চেনে না। তবে অন্য হত্যাকারীদের দেখলে তরিকুল চিনতে পারবে বলে জানিয়েছে।

৫ অক্টোবর সন্ধ্যায় ঢাকার মধ্য বাড্ডায় নিজ বাসায় খিজির খানকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ওই বাড়ির দ্বিতীয় তলায় ‘রহমতিয়া খানকাহ শরিফ’ রয়েছে। খিজির খান সেখানকার পীর ছিলেন।

আরও পড়ুন