নয় বছরের শিশু শাহাদাত হোসেন সৌরভের দুই পায়ে গুলির ঘটনার মামলায় গ্রেপ্তার সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মইনুল হাসান ইউসুফ এই আদেশ দেন।
এদিকে লিটনের আইনজীবী ফারুক আহমেদ প্রিন্স শুনানি শেষে বলেন, “আমরা জামিন চেয়েছিলাম। আদালত তা নামঞ্জুর করেছে। আমরা উচ্চ আদালতে যাব।”
বুধবার ১০টায় উত্তরা ৫ নম্বর সেক্টরে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। লিটনকে ধরতে বুধবার রাতে উত্তরার ওই বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে রাত ১০টা ৪০ মিনিটে নিয়ে আসা হয় মিন্টু রোডের ডিবি কার্যালয়ে। এসময় আলাদা একটি গাড়িতে করে ডিবি অফিসে যান লিটনের স্ত্রী। সেখান থেকে রাত সোয়া ১১টার দিকে এমপি লিটনকে নিয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওয়ানা দেয় ডিবি পুলিশের একটি দল।
গত ২ অক্টোবর মনজুরুল ইসলাম লিটনের ছোড়া গুলিতে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণের সাজু মিয়ার শিশুপুত্র সৌরভ আহত হয়। পরে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সৌরভ গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। ওই ঘটনায় মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন এমপি লিটন।
এরপর ১১ অক্টোবর রোববার সরকারদলীয় এই এমপি আইনজীবীর মাধ্যমে আগাম জামিন চেয়ে আবেদন করেন হাইকোর্টে। ১২ অক্টোবর সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর অবকাশকালীন বেঞ্চ তার জামিন খারিজ করে তাকে ১৮ অক্টোবরের মধ্যে গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন।
এরপর হাইকোর্টের ওই নির্দেশ স্থগিত চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। ১৪ অক্টোবর বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের দেয়া আদেশ এক সপ্তাহের জন্য স্থগিত করে দেন।


