রাজধানীর রমনা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য সন্দেহে দু’জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকরা হলেন— মো. জাহিদ হাসান ও এ জেড এম মোসাদ্দেকুল ইসলাম।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রমনা এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়।
মুনতাসিরুল ইসলাম জানান, আটকদের কাছ থেকে প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন, এসএমএস কনটেন্টসহ কল ডিটেইল রেকর্ডস প্রিন্ট ও ৩০ হাজার টাকা জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা আগামী ৩০ অক্টোর ও ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে নগদ টাকার বিনিময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের কাছে বিক্রি করে আসছে।
গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) শেখ নাজমুল আলমের তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মো. শাহজাহানের নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ (এসি) কমিশনার মো. নাজমুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।


