বগুড়ার গাবতলীতে আটকের পর পুলিশি নির্যাতনে এক আসামির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২ পুলিশ সদস্যকে প্রায় ২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ গ্রামবাসী। পরে তাদেরকে আটক করা হয়।
পুলিশ ও গ্রামবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরে গাবতলীর ছয়মাইল গ্রাম থেকে মোখলেসুর রহমান নামের এক আসামিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার ভাইয়ের দায়ের করা অভিযোগে আটক করে সহকারী উপ-পরিদর্শক আবদুস সবুর ও কনস্টেবল আবদুর রহমান। গ্রেফতারের পরপরই তাকে মারপিট করায় ঘটনাস্থলেই আসামি মোখলেসুর রহমান মারা যান।
এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী পুলিশের ২ সদস্যকে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে থানা ও জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে।
তবে তাদেরকে আটক করা হয়েছে, পুলিশের এমন আশ্বাসের প্রেক্ষিতে পরিস্থিতি শান্ত হয়।


