রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার বিরুদ্ধে চলা দুর্নীতির দুই মামলা তড়িঘড়ি করে এগিয়ে নেয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তার আইনজীবী ও উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। বলেছেন, এভাবে গণতান্ত্রিক আন্দোলন স্তব্ধ করতে পারবে না সরকার। তবে এ অভিযোগ অস্বীকার করে দুদকের আইনজীবীরা বলেছেন, মামলা স্বাভাবিক গতিতেই চলছে।
বেগম জিয়ার অনুপস্থিতিতে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে বৃহস্পতিবার সকালে শুরু হয় জিয়া অর্ফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার এ দিনের কার্যক্রম।
শুরুতেই উচ্চ আদালতে বিচারাধীন থাকায় জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত রাখার আবেদন করেন তার আইনজীবীরা। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার অপর দুই আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলামের আইনজীবী এ মামলার ৩ সাক্ষীকে জেরা করেন।
তাদের জেরা শেষে নতুন করে আরো ৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। পরে আগামী ২১ অক্টোবর মামলা দুটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।


