বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সাবেক ছিটমহলে জমি জরিপ শুরু

Hatibandha-enclave-লালমনিরহাট জেলার বিলুপ্ত ৫৯টি ছিটমহলে একযোগে জমির জরিপ কার্যক্রম শুরু হয়েছে। জেলার সদর উপজেলায় দুটি, হাতীবান্ধা উপজেলায় দু’টি ও পাটগ্রাম উপজেলায় ৫৫টি ছিটমহল রয়েছে। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত এই ভূমি জরিপের কার্যক্রম চলবে।

বৃহস্পতিবার দুপুরে সরেজমিন দেখা যায়, হাতীবান্ধা উপজেলার গোতামারী ১৩৫/১ ও ১৩৫/২ নং বিলুপ্ত ছিটমহলে সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত এই জরিপ কার্যক্রম চলে।

এ সময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজার রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, জুনিয়র পরিসংখ্যান কর্মকর্তা সাদেকুল ইসলাম প্রমুখ।

হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজার রহমান বলেন, ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত এই জরিপ কার্যক্রম চলবে। কাজের সুবিধার্থে দু’টি টিম কাজ করছে। প্রত্যেক টিমে ৭ জন করে কাজ করছে। সুষ্ঠুভাবে জমির জরিপ কার্যক্রম চলছে।

বিলুপ্ত ভারত-বাংলাদেশ ছিটমহল নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির লালমনিরহাট জেলা সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আশিক দ্য রিপোর্টকে বলেন, আমাদের একটাই দাবি জমির যেন সঠিক জরিপ কার্যক্রম হয়।

লালমনিরহাট জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পুরনো নথিপত্র বিশ্লেষণ ও দখলের ভিত্তিতে এ কার্যক্রম পরিচালিত হবে। ছিটমহলের ভূমি জরিপ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও সম্পন্ন করতে ইতোমধ্যে ভূমি মন্ত্রণালয়-সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে এই নির্দেশনা দিয়েছে। উপজেলার অভ্যন্তরে বিলুপ্ত যে ছিটমহল রয়েছে, সে সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আহ্বায়ক করে আট সদস্যের একটি উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া মাঠপর্যায়ে জরিপ কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট উপজেলার ভূমি কর্মকর্তাকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন