বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ওলামা লীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টাধাওয়া, সংঘর্ষ

Olamaরাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করতে এসে পুলিশের সামনেই ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ওলামা লীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওলামা লীগের একাংশের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালী গ্রুপের হামলায় সংগঠনের অপর অংশের সভাপতি আখতার হুসাইন গ্রুপের ১২ নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ওলামা লীগের আক্তার হোসেন ও আবুল হাসানের নেতৃত্বাধীন অংশকে প্রথমে ধাওয়া ও পরে মারধর করে ইলিয়াস হোসাইন বিন হেলালী ও মো. দেলোয়ার হোসেনের অংশ।

দুই পক্ষ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করতে এলে তাদের মধ্যে এ ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

ওলামা লীগের আক্তার হোসেন ও আবুল হাসান অংশের সাধারণ সম্পাদক আবুল হাসান বলেন, “বঙ্গবন্ধুর কথা যেন বলতে না পারি সেজন্য হেলালী বাহিনী আমাদের মারধর করে প্রেস ক্লাবের সামনে থেকে বের করে দেয়।”

হেলালী বাহিনীর বিরুদ্ধে জামায়াতে ইসলামীর এজেন্ডা বাস্তবায়নের অভিযোগও করেন তিনি।

আবুল হাসান অভিযোগ করেন, হেলালীর কয়েকজন সন্ত্রাসী হকিস্টিক, লাঠিসোটা দিয়ে মারধর শুরু করলে তাদের ১৬ নেতাকর্মী আহত হয়। ঢাকা মেডিকেলসহ কয়েকটি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে বলেও জানান তিনি।

অবশ্য অপর অংশের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালী বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা সকালে প্রেস ক্লাবের সামনে জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করতে চাইলে হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলামীর মদদে তারা আমাদের বাধা দেয়। পরে আমাদের লোকজন তাদের ওখান থেকে সরিয়ে দেয়।”

আরও পড়ুন