টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে রোববার কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকীর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এই শুনানি হবে।
কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী শনিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে কাদের সিদ্দিকী ও নাসরিন সিদ্দিকীর পক্ষে আপিল করেন ইকবাল সিদ্দিকী।
আপিলের সঙ্গে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে দেওয়া বাংলাদেশ ব্যাংকের একটি কারণ দর্শানোর নোটিশও সংযুক্ত করা হয়েছে। ওই নোটিশে কেন কাদের সিদ্দিকীর নাম ঋণখেলাপিদের তালিকায় অন্তর্ভুক্ত করা হল, তা জানতে চাওয়া হয়েছে।
এদিকে যাচাই-বাছাই করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী, কৃষক শ্রমিক জনতা লীগের ইকবাল সিদ্দিকী ও হাসমত আলী, জাতীয় পার্টির (মঞ্জু) সাদেক সিদ্দিকী, বিএনএফের আতাউর রহমান খান এবং এনপিপির ইমরুল কায়েসের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ১০ নভেম্বর উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


