দুর্গাপূজায় রাজধানীতে নিরাপত্তা দিতে প্রায় ৭ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ সময় শহরে ৬ হাজার ৮৬৩ জন পোশাকধারী পুলিশ সদস্য তৎপর থাকবেন। এছাড়া, সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও কাজ করবেন।
রোববার দুর্গপূজা ও আশুরা উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এ তথ্য জানান।
কমিশনার বলেন, সোমবার থেকে শনিবার পর্যন্ত এই নিরাপত্তা কার্যকর থাকবে। শারদীয় দুর্গোৎসব ও তাজিয়া মিছিলকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সুদৃঢ় ও নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এবার ঢাকা মেট্রোপলিটন এলাকায় ২২২টি প্রতিমা তৈরি করা হয়েছে জানিয়ে ডিএমপির এই পুলিশপ্রধান বলেন, এই উৎসবকে ঘিরে তিন পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এর মধ্যে রয়েছে-পূজা চলাকালীন, পূজা পরবর্তী শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা।



