কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির পর এবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি ও সংসদ সদস্যদের বেতন বাড়িয়ে প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তাদের বেতন বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট আইন সংশোধনের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতির বেতন ৬১ হাজার ২০০ টাকা থেকে বেড়ে হবে ১ লাখ ২০ হাজার টাকা। আর প্রধানমন্ত্রী ৫৮ হাজার ৬০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ১৫ হাজার টাকা করা হবে। অন্যদিকে, জাতীয় সংসদের স্পিকারের বেতন মাসে ৫৭ হাজার ২০০ টাকা থেকে বেড়ে ১ লাখ ১২ হাজার টাকা হচ্ছে। আর বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেতন ৫৬ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ১০ হাজার টাকা হচ্ছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, “নতুন বেতন কাঠামো অনুযাযী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে হারে বেতন বাড়ানো হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই বেতন বৃদ্ধি হল। বেতনের সঙ্গে সঙ্গে তাদের ভাতাও বাড়ছে। রাষ্ট্রপতির সুপারিশ নিয়ে এখন এসব খসড়া পাসের জন্য সংসদে তোলা হবে। নতুন হারে বেতন কার্যকর হবে চলতি বছরের ১ জুলাই থেকে। আর ভাতা ২০১৬ সালের ১ জুলাই থেকে কার্যকর করা হবে।”
মন্ত্রিপরিষদ সচিব জানান- নতুন হারে সরকারের মন্ত্রী, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, চিফ হুইপ এবং আপিল বিভাগের বিচারকদের বেতন ৫৩ হাজার ১০০ টাকা থেকে বেড়ে ১ লাখ ৫ হাজার টাকা হচ্ছে। আর হাই কোর্ট বিভাগের বিচারকদের বেতন ৪৯ হাজার থেকে বেড়ে হচ্ছে ৯৫ হাজার টাকা। এছাড়া প্রতিমন্ত্রী, বিরোধী দলীয় উপ নেতা ও হুইপের বেতন ৪৭ হাজার ৮০০ থেকে বেড়ে ৯২ হাজার টাকা এবং উপমন্ত্রীর বেতন ৪৫ হাজার ১৫০ থেকে বেড়ে ৮৬ হাজার ৫০০ টাকা হচ্ছে।
নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে জাতীয় সংসদের সদস্যরা প্রতি মাসে বেতন হিসেবে পাবেন ৫৫ হাজার টাকা, যা এতোদিন ২৭ হাজার ৫০০ টাকা ছিল।
রাষ্ট্রপতি : বর্তমানে রাষ্ট্রপতি বেতন পেয়ে থাকেন ৬১ হাজার ২শ টাকা। নতুন বেতন কাঠামোতে পাবেন ১ লাখ ২০ হাজার টাকা। এছাড়া স্বেচ্ছাধীন তহবিল ২ কোটি টাকা।
প্রধানমন্ত্রী : প্রধানমন্ত্রী নতুন কাঠামো অনুযায়ী পাবেন ১ লাখ ১৫ হাজার টাকা। আগে ছিলো ৫৮ হাজার ৬শ টাকা। অন্যদিকে, বেসরকারি বাড়িতে থাকলে বাড়ি ভাড়া পাবেন এক লাখ টাকা।
স্পিকার : বর্তমান জাতীয় সংসদের স্পিকারের বেতন ৫৭ হাজার ২শ টাকা। নতুন কাঠামোতে এটা হবে ১ লাখ ১২ হাজার টাকা।
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী : মন্ত্রীসভার সদস্যরা পাবেন ১ লাখ ৫ হাজার টাকা। একই পরিমাণ বেতন পাবেন মন্ত্রী পদ মর্যাদার ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, চিফ হুইপ। বর্তমানে তারা পাচ্ছেন ৫৩ হাজার ১শ টাকা। প্রতিমন্ত্রী, বিরোধী দলীয় উপনেতা, হুইপরা পাবেন ৯২ হাজার টাকা। বিদ্যমান কাঠামোতে আছে ৪৭ হাজার ৮শ টাকা। উপমন্ত্রীদের বেতন ৪৫ হাজার ১৫০ টাকা থেকে বেড়ে হবে ৮৬ হাজার ৫শ টাকা করা হয়েছে।
সাংসদ : সাংসদ সদস্যদের বর্তমান বেতন ২৭ হাজার ৫শ টাকা। এটি বেড়ে হবে ৫৫ হাজার টাকা।
ভাতা বৃদ্ধি: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রীদের বেতন বাড়ানোসহ সাংবিধানিক পদধারীদের দৈনিক ভাতা বাড়ানো হয়েছে। সাংবিধানিক পদধারীদের দৈনিক ভাতা প্রায় ৩ গুণ বেড়েছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
জানা যায়, প্রধানমন্ত্রীর দৈনিক ভাতা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০০ টাকা, স্পিকারের দৈনিক ভাতা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫০০ টাকা, ডেপুটি স্পিকারের ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা, মন্ত্রীদের ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা, প্রতিমন্ত্রীদের ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা, উপ-মন্ত্রীদের ৬০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা এবং সংসদ সদস্যদের আগের ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৭৫০ টাকা করা হয়েছে।


