দেশে এখন ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি ধর্মের মানুষ যাতে নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারে, সেভাবেই এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেছেন সরকারপ্রধান।
দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার বিকেলে জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সনাতন ধর্মাবলম্বী নেতারা। পূজামণ্ডপ পরিদর্শন শেষে মতবিনিময় কালে প্রধানমন্ত্রী আরো বলেন, সকল সম্প্রদায়ের মানুষের ধর্ম পালনের অধিকার নিশ্চিত করা তার সরকারের লক্ষ্য। শেখ হাসিনা বলেন বাংলাদেশের মাটিতে জন্ম নেয়া প্রত্যেক নাগরিক সমান অধিকার নিয়ে বাস করবে।
এছাড়া, পূজা চলাকালে যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সরকার নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘সব ধর্মেই মানবতা ও শান্তির কথা বলা আছে। আমরা সবসময় চাই বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে উঠবে। জাতির পিতা চেয়েছিলেন দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ হবে, ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত হবে। আমরা বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত দেশ হিসেবেই গড়ে তুলতে চাই। হানাহানি, মারামারি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ আমরা চাই না। আমরা চাই প্রতিটি মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে।’


