শ্যুটিং চলাকালে হঠাৎ করে হার্ট অ্যাটাকের শিকার হওয়া চিত্রনায়ক রিয়াজের শারীরিক অবস্থা উন্নতির দিকে। তাকে অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিউ) রাখা হয়েছে। সেখানে চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন রিয়াজ। ‘কৃষ্ণপক্ষ’ সিনেমার সহকারী পরিচালক জুয়েল রানা মঙ্গলবার সকালে এই তথ্য জানান।
মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ সিনেমার শুটিং সেটে সোমবার রাত ৮টায় হৃদরোগে আক্রান্ত হন রিয়াজ। তাৎক্ষণিক তাকে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। এনজিওগ্রাম করার পর চারটি ব্লক ধরা পড়ে।
‘কৃষ্ণপক্ষ’ সিনেমার প্রধান সহকারী পরিচালক জুয়ের রানা বলেন, ‘প্রাথমিকভাবে শঙ্কামুক্ত চিত্রনায়ক রিয়াজ। তাকে হাসপাতালে নিয়ে আসার পর এনজিওগ্রাম করা হয়েছে। চারটি ব্লক ধরা পড়েছে। তবে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন ভয়ের কিছু নেই। প্রাথমিকভাবে তিনি এখন শঙ্কামুক্ত।’
অনেকদিন ধরেই সিনেমায় অভিনয় করছেন না রিয়াজ। মাঝে বেশকিছু টিভি নাটকে দেখা গেলেও অনেক দিন ধরেই নতুন কোনো সিনেমায় দেখা যায়নি এই অভিনেতাকে। বিরতি কাটিয়ে শাওনের ‘কৃষ্ণপক্ষ’ সিনেমায় অভিনয় করছিলেন তিনি।
হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে এই সিনেমাটি নির্মাণ করছেন মেহের আফরোজ শাওন। এটি শাওনের পরিচালনায় প্রথম সিনেমা। এতে আরও অভিনয় করছেন- মাহিয়া মাহি, ফেরদৌস, তানিয়া আহমেদসহ অনেকে।
হুমায়ূন আহমেদের জন্মদিনে (১৩ নভেম্বর) সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের।
সোমবার রাতে সিনেমার শুটিং চলাকালে সংলাপ দেওয়ার সময় আকস্মিক হৃদ্রোগে আক্রান্ত হন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রিয়াজ। ‘কৃষ্ণপক্ষ’ ছবির ইউনিট সূত্রে জানা গেছে, সংলাপ দেওয়ার সময় হঠাৎ করেই রিয়াজের সারা শরীর ঘামতে থাকে। একপর্যায়ে মাথা ঘুরে পড়ে যান তিনি।
রিয়াজের সঙ্গে শুটিং স্পটে ছিলেন নায়িকা মাহিয়া মাহি। গণমাধ্যমকে মাহি বলেন, শুটিংয়ের সময় হঠাৎ করে রিয়াজ ভাই অসুস্থ হয়ে যান। তখনই তাঁকে নিয়ে গিয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। রিয়াজের এই অসুস্থতার পর শুটিং বন্ধ আছে। শাওন পরিচালিত এই ছবি আগামী নভেম্বরের মধ্যে শেষ করার কথা রয়েছে।


