বুধবার ৪ নভেম্বর ২০২৬

৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অনুমোদন: ১ কোটি ২৯ লাখ কর্মসংস্থানের টার্গেট

Seventh-Fift-year১ কোটি ২৯ লাখ মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার দুপুরে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

সভায় পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল ইসলাম সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তুলে ধরেন। সেখানে আগামী ৫ বছরের মধ্যে ৩১ লাখ ৯০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রাক্কালন ধরা হয়েছে। যার ৭৭ দশমিক ৩ শতাংশই বিনিয়োগ হবে বেসরকারি খাত থেকে। আর ২২ দশমিক ৭ ভাগ আসবে সরকারি খাত থেকে।
এবারের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রতিপাদ্য হলো ‘প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, নাগরিকের ক্ষমতায়ন।’ সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, সর্বোচ্চ কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য নিরসনের সাথে প্রত্যেক নাগরিকের ক্ষমতায়ন হয় সে বিষয়গুলো সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় তুলে ধরা হয়েছে।’

সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় গড়ে ৭ দশমিক ৪ শতাংশ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া দারিদ্র্যের বর্তমান হার ২৪ দশমিক ৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ দশমিক ৬ ভাগে আনা হবে। সামাজিক সুরক্ষা খাতে জিডিপির ২ দশমিক শূন্য ২ শতাংশ থেকে ২ ভাগ বাড়িয়ে ২০২০ সালে ২ দশমিক ৩০ শতাংশে উন্নিত করা হবে।’

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, সপ্তম এ পঞ্চবার্ষিক পরিকল্পনায় (২০১৫-২০২০) ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জিডিপির প্রবৃদ্ধি অর্জন এবং জনগণের আয় বণ্টন ব্যবস্থা উল্লেখযোগ্য হারে উন্নীতকরণের লক্ষ্য অর্জনের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে অন্যতম কৌশল হবে দেশি ও বিদেশি বিনিয়োগে গতিশীলতা আনা। একই সঙ্গে সর্বাধিক কর্মক্ষম জনসংখ্যাকে কারিগরি ও প্রযুক্তিগত দিক দিয়ে বর্তমান ও ভবিষ্যতের জন্য দক্ষ করে গড়ে তোলা।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এবারের পঞ্চবার্ষিক পরিকল্পনায় সামাজিক সুরক্ষা খাতে ব্যয় জিডিপি’র ২ দশমিক ০২ ভাগ থেকে বাড়িয়ে ২০২০ সালে জিডিপি’র ২ দশমিক ৩০ ভাগে উন্নীত করা হবে। একই সঙ্গে এবারের পাঁচ বছরে ১ কোটি ২৯ লাখ কর্মসংস্থান হবে বলে আশা করছি’।

মুস্তফা কামাল আরও বলেন, ‘পঞ্চবার্ষিক পরিকল্পনায় এবারই প্রথম গবেষণা কার্যক্রমকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। এ খাতে ব্যয় জিডিপি’র শূন্য দশমিক ৬ ভাগ থেকে বাড়িয়ে এক ভাগে উন্নীত করা হবে’।

সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন ব্যয় নিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘২০১৫-১৬ অর্থবছরকে ভিত্তি ধরে এবারের পঞ্চবার্ষিক পরিকল্পনায় ৩১ লাখ ৯০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রাক্কলন করা হয়েছে। মোট বিনিয়োগের ৭৭ দশমিক ৩ ভাগ আসবে বেসরকারি খাত থেকে। বাকি ২২ দশমিক ৭ ভাগ আসবে সরকারি খাত থেকে।

আরও পড়ুন