বুধবার ৪ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামে প্রধানমন্ত্রীর ভাষণ অস্পষ্ট বলছে বিএনপি, স্পষ্ট বলছে আ.লীগ

elex-prep-somoy-35584সম্প্রতি কুড়িগ্রামে এক জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে নির্বাচনে প্রস্তুতি নেওয়ার যে আহ্বান জানিয়েছেন তা অস্পষ্ট বলে মন্তব্য করেছে বিএনপি। তবে আওয়ামী লীগ বলছে, প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথাই বলেছেন।

গত ১৫ অক্টোবর রংপুরের কুড়িগ্রামে এক জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্য নির্বাচনের প্রস্তুতি নেওয়ার ইঙ্গিত বলে মনে করছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকদের অনেকে। তবে তা স্থানীয় সরকারের নাকি মধ্যবর্তী জাতীয় নির্বাচনের তা স্পষ্ট নয় বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।

তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ উল আলম লেনিন দাবি করেন, প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্যই আহ্বান জানিয়েছেন জনগণকে। তিনি বলেন, ‘স্বাভাবিকভাবেই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী দেশবাসীকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন। ২০১৯ সালের আগে কোনো জাতীয় নির্বাচন হচ্ছে না। কোনো মধ্যবর্তী নির্বাচনও হচ্ছে না।’

এদিকে, দলীয় ব্যানারে স্থানীয় সরকার নির্বাচন চালুর আগে গণভোট দিয়ে জনমত যাচাই করা উচিত বলে মনে করছেন বিএনপি নেতারা। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, গণতান্ত্রিক রীতি মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হলে তাতে সংঘাত সৃষ্টি হবে বলে বিএনপি নেতারা মনে করলেও উদ্যোগটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন আওয়ামী লীগ নেতারা।

তবে নির্বাচন যখনই হোক না কেন, উভয় দলের নেতারাই জানিয়েছেন, সাংগঠনিকভাবে নিজ নিজ দলকে শক্তিশালী করতে এখন দল পুনর্গঠনে মনোনিবেশ করছেন তারা।

আরও পড়ুন