বুধবার ৪ নভেম্বর ২০২৬

সরকারের চাপে আদালত এ রায় দিয়েছেন: খোকা

abd219দুর্নীতি মামলায় নিম্ন আদালতে ১৩ বছরের বিনাশ্রম কারাদণ্ডের রায়কে প্রহসনমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যায়িত করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। বলেন, রাজনীতি থেকে তাকে বিদায় করতেই সরকারের চাপে আদালত এ রায় দিয়েছেন।

নিউইয়র্কে চিকিত্সারত ঢাকার সাবেক এই মেয়র খোকা টেলিফোনে দেয়া প্রতিক্রিয়ায় এই রায়কে তিনি বিচার বিভাগের ইতিহাসে প্রহসনের বিচার বলে অভিহিত করেন। বলেন, নিউইয়র্কে আমার ক্যান্সার চিকিত্সার সর্বশেষ অবস্থার যাবতীয় তথ্য আদালতে জমা দেয়া হয়েছে। এরপরও পলাতক দেখিয়ে আমার কোনো আইনজীবীকে আদালত কথা বলার সুযোগ দেয়া হয়নি। এটি বিচার বিভাগের ইতিহাসে প্রহসনের বিচার হয়েই থাকবে।

খোকা বলেন, আমি যাতে রাজনৈতিক কর্মকাণ্ড না করতে পারি, ভবিষ্যত নির্বাচনগুলোতে অংশ নিতে না পারি সেজন্যই সরকার আদালতকে দিয়ে আমাকে শাস্তির ব্যবস্থা করেছে। রায়ের কপি হাতে পেলে আইনজীবীদের সাথে পরামর্শ করে উচ্চ আদালতে আপিল করবেন বলে তিনি জানান। খোকা আরো বলেন, আমি দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। ২৩ অক্টোবর ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী দেশে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেব। বিদেশে থাকার প্রশ্নই ওঠে না।

মঙ্গলবার বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন-দুদকের মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে তাকে ১৩ বছরের বিনাশ্রম কারাদণ্ডসহ অনাদায়ে অর্থ জরিমানা এবং গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

আরও পড়ুন