নাটোরের সিংড়ায় উপজেলা নির্বাচন নিয়ে বিরোধের জেরে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তিরাইল গ্রামে এ ঘটনার সময় একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ভাংচুর করা হয়েছে প্রায় ৩৫টি বাড়ি।
নিহত আব্দুল হান্নান (৩৫) ওই গ্রামের আব্দুল করিমের ছেলে। হান্নান ইটালি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জহুরুল ইসলামের ছোট ভাই জাহিদুল ইসলাম জিন্নাহর সমর্থক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আরিফ ও জিন্নাহ দুজনেই ইটালি ইউনিয়ন পরিষদের গত নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। জিন্নাহ ও তার সমর্থকরা সিংড়া উপজেলা পরিষদের আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী শফিকুল ইসলামকে সমর্থন দিলেও আরিফ তা না করায় সম্প্রতি এই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এর মধ্যে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয়।
স্থানীয়রা জানান, আরিফের সমর্থকরা সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তিরাইল গ্রামে গিয়ে জিন্নাহসমর্থকদের বাড়িঘরে হামলা শুরু করে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে হান্নান তার বাড়ি থেকে বেরিয়ে এলে প্রতিপক্ষের লোকজন তাকে ধরে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে কাছে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করে।
সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান, “১৫/২০ অস্ত্রধারী হান্নানকে ধরে নিয়ে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। সংঘর্ষে দুই পক্ষের আরও অন্তত ২০জন আহত হন। হামলার পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে কয়েকজনকে আটকও করা হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
এদিকে জাহিদুল ইসলাম জিন্নাহ বলেন, “আরিফের সমর্থকরা পূর্ব বিরোধের জের ধরে এই হামলা চালায়।”
অন্যদিকে এ অভিযোগ অস্বীকার করে আরিফ বলেন, “আমার লোকজন কেউ এতে জড়িত নয়।”


