সামাজিক যোগাযোগের সাইট ফেইসবুকের অ্যাপ নিয়ে অভিযোগ তুলেছেন আইফোন ব্যবহারকারীরা। আইফোনে অ্যাপটি অনেক বেশি বিদ্যুৎ শক্তি খরচ করছে, এমনকি বন্ধ অবস্থায়ও এর ব্যাকগ্রাউন্ড কার্যক্রমের কারণে প্রচুর চার্জ নষ্ট হওয়ার অভিযোগ তুলেছেন তারা।
ম্যাট গ্যালিগান নামের আইফোন ব্যবহারকারী এক ডেভেলপার বলেন, “আমি যখন হোম বাটন চেপে ধরি, ফেইসবুক অ্যাপ ঠিকমতো বন্ধ হয় না। এ সমস্যা ফেইসবুক সহজে সমাধান করতে পারবে না আর অ্যাপটি এভাবেই বানানো হয়েছে।”
ফেইসবুক অ্যাপ নিয়ে বিশ্লেষণের পর আইওএস অ্যাপ ডেভেলপার জোনাথন জিয়ারস্কি জানান, ফেইসবুকের লোকেশন ট্র্যাকিং ফিচার ব্যাটারি খরচের জন্য আংশিকভাবে দায়ী। এক টুইটের মাধ্যমে তিনি বলেন, “আপনি যদি ফেইসবুকের লোকেশন শেয়ারিং চালু করে রাখেন, তখন এটি ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকে যা আপনার ব্যাটারি শেষ করে।”
“আমরা বিষয়টি নিয়ে দেখছি আর খুব শিগগিরই এটির সমাধান করার আশা করছি।”- কিছু ব্যবহারকারীর অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে ফেইসবুকের পক্ষ থেকে এমনটাই বলা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।
ফেইসবুক অ্যাপ সেটিংস থেকে বন্ধ করলেও এর লোকেশন ট্র্যাকিং ফিচার বন্ধ হয় না। তবে ব্যবহারকারী পুরোপুরিভাবে ফেইসবুকের লোকেশন সার্ভিস বন্ধ করে বা শুধু অ্যাপ ব্যবহারের সময়ই চালু হওয়ার অনুমতি দিয়ে রাখতে পারেন।
লোকেশন সার্ভিস আর ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ সেটিংস বন্ধ থাকা অবস্থায় ও ফেইসবুক অ্যাপ আইফোন ৫ এসের ২০ শতাংশ ব্যাটারি খরচ করে বলে জানিয়েছেন একজন ব্যবহারকারী।
অন্যদিকে ‘লোকেশন ট্র্যাকিং’-এর কারণে ওই সমস্যা হওয়ার কথা নাকচ করে দিয়েছেন ফেইসবুকের একজন মুখপাত্র।
ফেইসবুক অ্যাপের বিরুদ্ধে বেশি ব্যাটারি খরচের অভিযোগ এই প্রথম নয়। ২০১৪ সালে অনেক ব্যবহারকারীর ব্যাটারি অপ্রয়োজনীয়ভাবে খরচের জন্য এই অ্যাপটিকে দোষ দিয়েছিলেন।


