উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফের পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এবার রাশিয়ার সিএসকেএ মস্কোর মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরেছে ইংল্যান্ডের সফলতম ক্লাবটি। বুধবার রাতে সেইদু দুম্বিয়ার গোলে শুরুতেই পিছিয়ে পড়ে ইউনাইটেড। পরে দ্বিতীয়ার্ধে অন্তনি মার্সিয়ালের গোলে সমতায় ফেরে তারা।
প্রথম রাউন্ডে নেদারল্যান্ডসের পিএসভি আইন্দহোভেনের কাছে ২-১ গোলে হারার পর দ্বিতীয় ম্যাচে ভলফসবুর্গকে একই ব্যবধানে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিল লুই ফন খালের দল।
প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে ম্যাচের পঞ্চদশ মিনিটে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ডি-বক্সে মার্সিয়ালের হাতে বল লাগলে পেনাল্টি পায় মস্কো।
ফিনল্যান্ডের মিডফিল্ডার রোমান এরেমেঙ্কোর স্পটকিক অবশ্য দারুণ দক্ষতায় ঠেকিয়ে দিয়েছিলেন ইউনাইটেড গোলরক্ষক দাভিদ দে হেয়া। কিন্তু ফিরতি শটে বল জালে জড়ান কোত দি ভোয়ার স্ট্রাইকার দুম্বিয়া।
৩০তম মিনিটে ব্যবধান বাড়ানোর ভালো একটা সুযোগ হারান মস্কোর আহমেদ মুসা।
প্রতি-আক্রমণে সমতায় ফিরতে পারত ইউনাইটেড। কিন্তু ছয় গজী বক্সের মধ্যে থেকেও বল জালে জড়াতে পারেননি ওয়েইন রুনি। তিন মিনিট পর লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে আবারও সমর্থকদের হতাশ করেন এই ইংলিশ স্ট্রাইকার।
৬০তম মিনিটে প্রতি-আক্রমণ থেকে আবারও গোলের সুযোগ নষ্ট করেন রুনি।
চার মিনিট পরেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ইউনাইটেড। আন্তোনিও ভালেন্সিয়ার ক্রসে ১২ গজ দূর থেকে দারুণ এক হেডে দলকে সমতায় ফেরান এই মৌসুমেই ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দেওয়া ফরাসি খেলোয়াড় মার্সিয়াল।
এই ড্রয়ের পর দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেডের পয়েন্ট হলো ৪। মস্কোর পয়েন্টও ৪।
‘বি’ গ্রুপের অন্য ম্যাচে আইন্দহোভেনকে ২-০ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে জার্মানির ক্লাব ভলফ্সবুর্গ।
তলানির দল আইন্দহোভেনের পয়েন্ট ৩।
‘সি’ গ্রুপ:
বুধবার নিজেদের মাঠ ভিসেন্তে কালদেরনে ৪-০ গোলে আস্তানাকে উড়িয়ে দেয় আতলেতিকো মাদ্রিদ। এই জয়ের পর তিন ম্যাচে তাদের পয়েন্ট হয়েছে ৬।
গ্রুপের অন্য ম্যাচে লুকাস পোডলস্কির জয়সূচক গোলে শীর্ষে থাকা বেনফিকাকে ২-১ ব্যবধানে হারিয়েছে গালাতাসারাই।
পর্তুগালের দল বেনফিকার পয়েন্টও আতলেতিকোর সমান ৬। আর তুরস্কের ক্লাব গালাতাসাইয়ের পয়েন্ট ৪; সবার নীচে থাকা আস্তানার ১।


