কক্সবাজার সদর উপজেলায় রাস্তায় গাছ ফেলে অ্যাম্বুলেন্স আটকে নাইক্ষংছড়ির সাবেক এক ইউপি সদস্যসহ ৩ জনকে অপহরণ করা হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার ঈদগড় ঢালা এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
অপহৃতরা হলেন- আবু সৈয়দ নাইক্ষংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আবু তৈয়ব, তার ছেলে আবু বকর ও তার আত্মীয় শাহ আলম।
পুলিশ জানায়, ভোরে বান্দরবানের বাইশারির সাবেক ইউপি সদস্য আবু তৈয়ব চট্টগ্রাম থেকে চিকিৎসা শেষে তার ছেলে ও এক আত্মীয়কে নিয়ে নাইক্ষ্যংছড়ি ফিরছিলেন। পথে ঈদগাঁও-বাইশারি সড়কে একটি কালভার্টের উপর গাছ ফেলে তাদের অ্যাম্বুলেন্স আটকায় একদল লোক। পরে তারা অ্যাম্বুলেন্সের চালক ও রোগীসহ কয়েকজনকে রেখে আবু তৈয়বসহ ওই তিনজনকে অপহরণ করে নিয়ে যায়।
বিষয়টি জানার পর থেকে তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। এরইমধ্যে অপহরণকারীরা ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাফায়াত।


